Views Bangladesh Logo

‘একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’, ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি

পটুয়াখালীর বাউফলে গোবিন্দ চন্দ্র মণ্ডল নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ-সংক্রান্ত এক মিনিট ৫৭ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বাউফল থানায় সাধারণ ডায়েরি করেছেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।

অডিওতে ফরিদ উদ্দিন গাজী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে বলেন, ‘আমার একটা শখ জাগছে, বুঝছেন? আমি একটা জ্যাতা... পুড়মু, আপনারে বাইছা নিছি।’ এরপর তিনি জানতে চান, এ বিষয়ে ব্যবসায়ীর কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আছে কি না।

কথোপকথনের একপর্যায়ে ফরিদ গাজী বলেন, তিনি সকালে গোবিন্দকে খুঁজতে গিয়েছিলেন, তবে তাকে এলাকায় পাননি। পরে গোবিন্দ কবে এলাকায় ফিরবেন, তা জানতে চান। একপর্যায়ে তিনি বলেন, গোবিন্দ এলাকায় এলে খবর তাকে জানাবেন, নাকি তাকেই খবর রাখতে হবে।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকায় জমি কেনাবেচার ব্যবসা করেন। পাশাপাশি এলাকায় গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এবং মাছের ঘেরের ব্যবসাও রয়েছে।

গোবিন্দের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এলাকায় নিজের প্রার্থিতার কথা জানিয়ে ব্যানার ও ফেস্টুনও টানিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফরিদ উদ্দিন গাজী তাকে পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তার।

গোবিন্দ আরও দাবি করেন, এর আগেও ফরিদ গাজী তাকে মুঠোফোনে হুমকি দিয়েছেন এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে ওই সময়ের কথোপকথন তিনি রেকর্ড করতে পারেননি। সর্বশেষ হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

ফরিদ উদ্দিন গাজীর বাড়ি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে। তিনি উপজেলা বিএনপির সদস্য। স্থানীয়দের দাবি, তিনি নিজে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা না দিলেও তার পছন্দের একজন প্রার্থী রয়েছেন। তবে এ বিষয়ে ফরিদ গাজীর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চেক প্রতারণার মামলায় ফরিদ গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দ চন্দ্র মণ্ডলের অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ জেলায় পাঠাতে উপজেলা বিএনপির নেতাদের বলা হয়েছে। তদন্তের পর সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ (ফিরোজ) বলেন, ফরিদ গাজীর বিষয়ে জেলা বিএনপিকে জানানো হয়েছে। জেলা নেতাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ পাঠানো হচ্ছে।

অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিন গাজীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিওটির উৎস ও অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ