কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী
দায়িত্ব গ্রহণের পর প্রথম পরিকল্পনা কমিশনে কাজকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম, কাজ শুরু করি, পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ, সুতরাং সবকিছুই জানানো হবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে এলে তিনি তা গ্রহণ না করে বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ে কতটা সময় দেবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে। তিনি বলেন, আগে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও পরিচিতি পর্ব শেষ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এরপর তিনি এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-র মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে