আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধ করিনি: পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর নিজের দায়িত্ব পালন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি ২০২৪ সালের ৫ আগস্টের পর।
শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের পর এক সংবাদমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, তাঁর শারীরিক অসুস্থতাই পদত্যাগের মূল কারণ। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে যে ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে, সেগুলোকে তিনি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেন।
তিনি বলেন, অসুস্থতাই মূল কারণ। এ নিয়ে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ নিজের মতো করে গল্প তৈরি করে প্রচার করেছে, পরে তা নিয়েই নানা আলোচনা শুরু হয়েছে। এসবের কোনো সত্যতা নেই।
পদত্যাগের পর বঙ্গভবনে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির এক মাস পর্যন্ত সেখানে থাকার সুযোগ রয়েছে। তবে যত দ্রুত সম্ভব তিনি গুলশানের নিজ বাসভবনে চলে যাবেন।
রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব পালনের মূল্যায়ন করতে গিয়ে সাহাবুদ্দিন বলেন, তিনি মাথা উঁচু করেই দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।
তার মতে, ওই সময় তিনি সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে অন্তর্বর্তী সরকার গঠন করেন। পরবর্তীতে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।
সাবেক রাষ্ট্রপতি বলেন, আমি নিজে গর্ব অনুভব করি যে সংকটের সময় সংবিধানকে ধরে রাখতে পেরেছি। সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছি। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে, নির্বাচন হয়েছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এসবের পেছনে আমারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মতামত দিন