Views Bangladesh Logo

কখনোই চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলিনি: পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি পুরোনো বক্তব্যকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। সেই বক্তব্য নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন পপি। তিনি জানিয়েছেন, চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি কখনোই ‘পাপ’ বলেননি। একই সঙ্গে চলচ্চিত্র থেকে অবসর নেওয়ারও কোনো ঘোষণা দেননি তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয় দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

এই বক্তব্য প্রকাশের পর অনেকেই মনে করেন, চলচ্চিত্রে অভিনয়কে পাপ হিসেবে উল্লেখ করে পপি হয়তো অভিনয় ছাড়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও পপিকে ঘিরে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পপি বলেন, তিনি একবারের জন্যও চলচ্চিত্রে অভিনয় করাকে পাপ বলেননি। মানুষ জেনে-না-জেনে নানা ধরনের পাপ করে এবং সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

পপির ভাষায়, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না? আমরা তো জেনে না জেনে পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে ভালো থাকতে পারি, সেটা তো অন্যায় কিছু নয়।’

চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও স্পষ্ট করে জানিয়েছেন পপি। তিনি বলেন, যে সিনেমা যশ, খ্যাতি ও সম্মান দিয়েছে এবং দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে, সেই চলচ্চিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না।

অভিনয় থেকে অবসর নেওয়ার বিষয়টিও নাকচ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, এখনো অবসর নেননি। ভালো কোনো গল্প পেলে আবার অভিনয়ে ফিরতে পারেন। এমনকি নিজের জীবন নিয়ে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছাও রয়েছে তার।

তবে অভিনয়ে ফিরুন বা না ফিরুন, প্রযোজনায় আসার ইচ্ছা রয়েছে পপির। ভালো গল্প পেলে ভবিষ্যতে সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে স্বামী আদনান ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সংসারেই বেশি সময় কাটছে পপির। তিনি জানান, জীবনের প্রয়োজনেই সিনেমা থেকে কিছুটা সরে এসেছেন। স্বামী তাকে আগলে রাখছেন এবং ছেলেকে নিয়ে সময় কাটছে। সবার দোয়ায় ভালো আছেন বলেও জানান এই অভিনেত্রী।

পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আরও কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও শেষ পর্যন্ত সেগুলোতে নিয়মিত সময় দিতে পারেননি তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ