রণবীর বিতর্কের মাঝে নিজের ‘নিষিদ্ধ’ হওয়ার অভিজ্ঞতা টানলেন কঙ্গনা
বলিউডে চলমান ‘ডন–৩’ ঘিরে বিতর্কের মধ্যে এবার নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আলোচনায় এলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।
‘ডন–৩’ প্রকল্প থেকে অভিনেতা রণবীর সিং সরে দাঁড়ানোকে ঘিরে যখন ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কঙ্গনা বলেন, তার জীবনে একাধিকবার তাকে ‘নিষিদ্ধ’ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাফল্য ও অবস্থান যত বাড়ে, সমালোচনাও তত বাড়ে—এটাই বাস্তবতা।
একটি চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেন, বিতর্ক বা বিরোধিতা নতুন কিছু নয়। বরং একজন শিল্পীর পরিচিতি যত বিস্তৃত হয়, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতাও তত বাড়ে। তাই এসব ঘটনায় হতাশ না হয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরও মন্তব্য করেন, জীবনের পথ কখনোই সরল নয়; বাধা, সমালোচনা ও প্রতিকূলতা আসবেই। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিজে থেকেই ভারসাম্যে ফিরে আসে।
সম্প্রতি ‘ডন–৩’ প্রকল্প নিয়ে অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই) ‘নন–কোঅপারেশন’ নির্দেশনা জারি করে। সংগঠনের দাবি, শুটিং শুরুর কিছু সময় আগে তার সরে দাঁড়ানো পুরো প্রজেক্টে জটিলতা তৈরি করেছে।
তবে সংগঠনের পক্ষ থেকে পরে জানানো হয়, এটি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নয়; বরং বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সদস্যদের তার সঙ্গে কাজ না করার একটি অনুরোধমাত্র।
এদিকে কঙ্গনা রনৌত বর্তমানে ব্যস্ত তার নতুন চলচ্চিত্র ‘ভারত ভাগ্য বিধাতা’-এর প্রচারণায়। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মতামত দিন