Views Bangladesh Logo

কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনার মুখে পড়তে হয়: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনা ও কটূক্তির মুখে পড়তে হয়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিলেও একই ধরনের প্রতিক্রিয়া দেখতে হয়।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিগত জীবন, বিয়ে, গ্রেপ্তার ও চলমান আইনি লড়াই নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

বিয়ে নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে পরীমনি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, তবুও গালি খেতে হয়। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি সত্যিই জানি না।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ ও নানা মন্তব্য তাকে প্রায়ই বিব্রত করে।

নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে পরীমনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং বাসায় তল্লাশি চালানোর অনুমতিও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। পরে পুরো ঘটনার বিবরণ শুনে তার কাছে অনেক কিছুই পরিকল্পিত বলে মনে হয়েছে।

চলমান মামলার বিষয়ে তিনি বলেন, আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। সত্য একদিন প্রকাশ পাবে—এই বিশ্বাস নিয়েই তিনি আদালতে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন।

দেশে শিল্পীদের নিরাপত্তার বিষয়েও কথা বলেন পরীমনি। তার মতে, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, যাতে সবাই হয়রানি ও হেনস্তামুক্তভাবে জীবনযাপন করতে পারেন।

এদিকে ফেসবুকে অনুসারীর সংখ্যায় বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষে ওঠার প্রসঙ্গে পরীমনি বলেন, তিনি কখনো এটিকে প্রতিযোগিতা হিসেবে দেখেননি। মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় অর্জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ