নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- বড়কালিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা বেগম।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহতরা বাড়ি থেকে ইজিবাইকে করে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বালুবাহী একটি ট্রলি ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
কালিয়া উপজেলার বাঁকা গ্রামের ইজিবাইক চালক বাবলু শরীফ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসিবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনকে আনা হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
ওসি আশিকুর রহমান বলেন, ট্রলিচালক ঘটনার পর পালিয়ে যায়। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে