ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে ঘাস কাটার মেশিন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মিনাক্ষি রানী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা এ বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন