Views Bangladesh Logo

গাজীপুরে স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা: পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক সুমন হত্যাকাণ্ডের তিন দিন পর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। নিজের স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় সুমনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈরের বড়ইতলী গ্রামের ইমরুল হাসান মামুন (৪৪) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার লোকেরপাড় এলাকার জাহিদুল ইসলাম (৩০)। মঙ্গলবার (১১ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রা-কালামপুর সড়কের দোকানপার এলাকায় কয়েকজন যুবক যাত্রীবেশে সুমনের অটোরিকশায় ওঠেন। কালামপুরের দিকে যাওয়ার পথে তারা সুমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, সুমন ও মামুন-জাহিদুল একসঙ্গে নিয়মিত মাদক সেবন করতেন। কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত সুমনের চিকিৎসার খরচ দিয়েছিলেন মামুন। পরে সুস্থ হওয়ার পর মামুন চিকিৎসার খরচের টাকা ফেরত চান। টাকা পরিশোধে দেরি হলে মামুন বিভিন্ন সময় সুমনের স্ত্রী শাহনাজ বেগমকে কু-প্রস্তাব দেন।

শাহনাজ বিষয়টি স্বামী সুমনকে জানালে মামুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই সুমনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পরদিন শাহনাজ বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে রোববার (৯ আগস্ট) রাতে মামুন ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালক সুমন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ