উখিয়ায় গৃহবধূর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়ি পুলিশ হেফাজতে
কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে পারভিন গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে