স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
নিহতরা হলেন— বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী কন্যা জিনি সরকার।
স্থানীয় বাসিন্দারা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তার বেপরোয়া আচরণের কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। এ কারণে স্ত্রী বৃষ্টি সরকার কয়েকবার সংসার ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে আসেন।
বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় সরকার তার স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে জয় সরকার নিজেও শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার মেয়েকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে বাবা ও মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে