গয়না খুলে নিয়ে হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী
রাজশাহীতে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার মরদেহ থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে গেছেন স্বামী ও তার স্বজনরা।
মৃত গৃহবধূর নাম হাসিনা খাতুন (২১)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের বাসিন্দা এবং হাসান আলীর মেয়ে। প্রায় সাত মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের মো. রাতুলের সঙ্গে তার বিয়ে হয়। মৃত্যুর সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে হাসিনার ওপর নির্যাতন চালাতেন তার স্বামী। এক লাখ টাকা এনে দিতে চাপ দেওয়া হচ্ছিল, যা দিয়ে রাতুল ফেনসিডিলের ব্যবসা করতে চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু টাকা দিতে না পারায় নির্যাতন আরও বাড়ে। এ অবস্থায় গত সোমবার দিবাগত রাতে হাসিনা কীটনাশক পান করেন।
প্রথমে তাকে স্থানীয় প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যান।
হাসিনার স্বজনদের দাবি, মৃত্যুর পর হাসপাতালে থাকা অবস্থায় তার শরীর থেকে গয়নাগাটি খুলে নিয়ে স্বামী রাতুল, তার বোন লাইলা খাতুন এবং সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে