শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে লুকানোর অভিযোগ, স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী।
বুধবার (১১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসিমা বেগম ওই গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে মরদেহ লুকিয়ে রাখেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি এলাকা থেকে পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্য, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই রাতের বেলায় বাড়ির ভেতরে ধারালো অস্ত্র দিয়ে নাসিমা বেগমকে হত্যা করা হয়। পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে