Views Bangladesh Logo

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পুলিশ হেফাজতে

বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মিমি বেগমের সঙ্গে তাঁর স্বামী রুবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো চাকু দিয়ে মিমিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই মিমি বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত রুবেলকে আটক করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ