Views Bangladesh Logo

উখিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে যান স্বামী

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তার মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পারভীন আক্তার (২৮)। তিনি একই এলাকার আবদুল গফুরের মেয়ে এবং কয়েক বছর আগে স্থানীয় রাজমিস্ত্রি আবদুল আলমের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবদুল আলম ছুরিকাঘাতে স্ত্রীকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের ছোট বোন ইয়াসমিন আক্তারের বরাতে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে নাশতার সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং সেখান থেকেই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর আবদুল আলম নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে কাঁধে তুলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই পারভীন আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত দম্পতির তিনটি সন্তান রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ