খালি ভারত ভারত করলে দেশের খাবার কখন খাবেন: সাংবাদিককে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন
‘খালি ভারত ভারত করলে দেশের খাবার কখন খাবেন’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিককে এভাবেই প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি ‘ভারত-মুগ্ধতা’ থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো উত্তর দেননি প্রতিমন্ত্রী। বরং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে দেখার আহ্বান জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, “ডেইলি ব্রেকফাস্ট খাইতে ইন্ডিয়া, লাঞ্চ খাইতে ইন্ডিয়া, ডিনার খাইতে ইন্ডিয়া—তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন?” এরপর তিনি বলেন, “খালি যদি ইন্ডিয়া, ইন্ডিয়া করেন? নিজের দেশের চিন্তা করেন।”
জাতিসংঘের মতো বহুপক্ষীয় ফোরামে যাওয়ার আগে দ্বিপক্ষীয় সফর নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কখনো বলেননি যে বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে অংশ নিলে সাইডলাইনে অন্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করা হবে না।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো কর্মসম্পর্ক প্রয়োজন এবং দুই দেশের সম্পর্ক নতুন করে সাজাতে চায় সরকার। এ কারণে ভারতের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় সফরকে গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছিলেন। তবে বহুপক্ষীয় কোনো সম্মেলনে অংশ নিয়ে সেখানে অন্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করা হবে না—এমন কথা তিনি বলেননি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ বজায় রাখা হবে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন