Views Bangladesh Logo

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের ২৩তম বৈঠকের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বাড়তে থাকা আগ্রহের কথাও উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কর্মীদেরও প্রশংসা করেন। সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আব্দুলকরিম আল-খেরাইজি, ইসলামি সহযোগিতা সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ