Views Bangladesh Logo

বিমানের সাফিকুরের নিয়োগ বাতিল, নতুন এমডি হুমায়রা

 VB  Desk

ভিবি ডেস্ক

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় কারাবন্দী ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ বাতিল করেছে সরকার। একই সঙ্গে সংস্থার কার্যক্রম সচল রাখার জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে ৩ ফেব্রুয়ারি জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হওয়ায় ড. সাফিকুরের নিয়োগ বাতিল করা হয়েছে। ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশে দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে ড. হুমায়রা সুলতানাকে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারার আওতায় ড. হুমায়রা সুলতানাকে নির্দেশক্রমে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন, এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি জারি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ