Views Bangladesh Logo

হিউম্যানয়েড রোবটের হাতে প্রথম সফল অস্ত্রোপচার

 VB  Desk

ভিবি ডেস্ক

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো এক জোড়া হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট দিয়ে জীবিত প্রাণীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর গবেষকেরা। তাঁদের কাজের গবেষণাপত্র বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

গবেষণায় সার্জনদের দূরনিয়ন্ত্রিত নির্দেশনায় দুটি মানবাকৃতির রোবট ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জীবিত একটি শূকরের পিত্তথলি সফলভাবে অপসারণ করে। প্রথম পরীক্ষায় একজন মানব সার্জনের সঙ্গে একটি রোবট সহকারী হিসেবে কাজ করে। পরে দ্বিতীয় পরীক্ষায় দুটি রোবট একসঙ্গে কাজ করে অস্ত্রোপচার সম্পন্ন করে। অপারেশনের সময় সামান্য রক্তক্ষরণ হলেও সার্জনদের নির্দেশনায় রোবটগুলো দ্রুত রক্তপাত নিয়ন্ত্রণ করে সফলভাবে অস্ত্রোপচার শেষ করতে সক্ষম হয়।

গবেষণায় ব্যবহৃত রোবটগুলো চীনের ইউনিট্রি জি-১ মডেলের ভিত্তিতে তৈরি। এগুলো আকারে তুলনামূলক ছোট, হালকা এবং দূর থেকে বিশেষ কনসোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। প্রচলিত সার্জিক্যাল রোবটের তুলনায় এসব হিউম্যানয়েড রোবটের খরচও অনেক কম এবং পরিচালনার জন্য কম জায়গা প্রয়োজন হয়।

গবেষকদের মতে, এই প্রযুক্তির সবচেয়ে বড় সম্ভাবনা হলো দূরবর্তী অঞ্চল, যুদ্ধক্ষেত্র, দুর্যোগপূর্ণ এলাকা কিংবা মহাকাশের মতো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও দূর থেকে অস্ত্রোপচার পরিচালনা করা সম্ভব হবে। এতে সীমিত জনবল নিয়েও জটিল অস্ত্রোপচার করা সহজ হবে।

তবে মানুষের চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার শুরু করতে এখনো আরও গবেষণা ও পরীক্ষা প্রয়োজন। কারণ পরীক্ষার সময় দূরনিয়ন্ত্রণ সংকেতে সামান্য বিলম্ব এবং মাঝেমধ্যে রোবট পুনরায় ক্যালিব্রেট করার প্রয়োজনীয়তা দেখা গেছে। তবুও গবেষকদের বিশ্বাস, আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এসব সীমাবদ্ধতা দ্রুত কাটিয়ে উঠে ভবিষ্যতে অস্ত্রোপচারে মানবাকৃতির রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ