এসএসসিতে মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ
চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। এর বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার বেশ সন্তোষজনক—৮০.৬৪ শতাংশ। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এই চিত্র দেখা যায়।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।
বিভাগভিত্তিক ফলাফলেই এই বড় ধরনের ব্যবধান সামনে এসেছে। মানবিক বিভাগে এবার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮.৭৪ শতাংশে। এই বিভাগে পরীক্ষা দেওয়া ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছে মাত্র ৩ লাখ ১ হাজার ১৭৪ জন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছেন, যা পাসের দিক থেকে সব বিভাগের মধ্যে সর্বোচ্চ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৬৪.২৯ শতাংশ।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫৫.৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং সর্বনিম্ন পাসের হার দিনাজপুর বোর্ডে, ৩৮.৭৫ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ৮৬.৯০ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এরপরই ৮৫.৯০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বোর্ড।
মতামত দিন