নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে গিয়ে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে অভিযান চালাতে গিয়ে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পিনেলাস কাউন্টিতে উদ্ধার হওয়া ওই দেহাংশটি বৃষ্টির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হিলসবরো কাউন্টি শেরিফের অফিস জানায়, ‘ইন্টারস্টেট ২৭৫’ ও ‘৪র্থ স্ট্রিট নর্থ’-এর সংযোগস্থলের কাছে এই দেহাংশ পাওয়া গেছে। স্থানটি হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড সেতুর সেন্ট পিটার্সবার্গ অংশে অবস্থিত।
উল্লেখ্য, একই সেতুর কাছ থেকে সম্প্রতি আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তার বান্ধবী নাহিদা বৃষ্টিও নিহত হয়ে থাকতে পারেন। দুজনই একই দিনে নিখোঁজ হন।
এ ঘটনায় হত্যা মামলায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় রোববার আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে ওই সন্দেহভাজন ব্যক্তি অনলাইনে লাশ গুম করার উপায় সম্পর্কে খোঁজ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে