মরোক্কতে এক লাখ বছর আগের মানুষের পায়ের ছাপ
মরক্কোর প্রত্নতাত্ত্বিকরা প্রায় এক লাখ বছর আগের ৮০টিরও বেশি মানুষের পায়ের ছাপ আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে এই ছাপগুলো উত্তর আফ্রিকায় প্রাচীনতম।
মরক্কো, স্পেন, ফ্রান্স ও জার্মানির প্রত্নতাত্ত্বিকরা টাঙ্গিয়ার থেকে ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দক্ষিণে অবস্থিত শহর লারাচে উপকূলে এই পায়ের ছাপ আবিষ্কার করেন। সেখানে সম্ভবত শিশুসহ পাঁচজন হোমো সেপিয়েন্সের পায়ের ছাপ রয়েছে।
লিক্সাস লারাচে প্রত্নতাত্ত্বিক সাইটের কিউরেটর আনাস সেদরাতি জানান, "সম্ভবত খাদ্য ও শেলফিশের সন্ধানে এই দলটি (হোমো সেপিয়েন্স) সৈকত পেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল। তারা সম্ভবত জেলে বা মাছ সংগ্রহকারী ছিল।"
বৈজ্ঞানিক জার্নাল নেচারে জানুয়ারি মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে প্রত্নতাত্ত্বিকরা লিখেছেন, এই ছাপগুলি বিশ্বের সেরা-সংরক্ষিত মানব চিহ্নগুলির মধ্যে একটি এবং উত্তর আফ্রিকা ও দক্ষিণ ভূমধ্যসাগরের প্রাচীনতম।
গবেষকরা বলছেন, একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে উপকূলরেখা বরাবর ছড়িয়ে থাকা বোল্ডারগুলির উৎস ও গতিশীলতার অংশ হিসেবে এই আবিষ্কারটি করা হয় ২০২২ সালের জুলাই মাসে একটি ফিল্ড মিশনের সময়।
গবেষণা প্রধান আনাস সেদরাতি জানান, এখানে অন্য প্রাণীর চিহ্নও আবিষ্কৃত হয়েছে।
তিনি আরও বলেন, "সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঝড়ের জন্য সাইটটি হুমকির মুখে থাকলেও আমাদের অবশ্যই এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থানটিকে সংরক্ষণ করতে হবে।”
খননের মাধ্যমে এখানে অন্যান্য পায়ের ছাপও আবিষ্কৃত হবে বলে মনে করেন আনাস সেদরাতি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে