২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি
পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের হাতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন এবং হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের হাতে পেশাগত দায়িত্ব পালনকালে আক্রান্ত হন সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলেন তারা।
এর আগে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।
সমাবেশ চলাকালে সাংবাদিকেরা বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ জানালে জামায়াতের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এতে মাহফুজুর রহমান শিশিরকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মব করে মারধর করা হয় এবং তাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাথি মারা হয়। তাকে রক্ষা করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেননি।
মতামত দিন