Views Bangladesh Logo

সিকৃবির উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর উপাচার্য ড. আলিমুল ইসলাম-এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিএনপিপন্থি শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, যা ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালার পরিপন্থি। তারা বলেন, এ বিষয়ে আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্যের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা উপাচার্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের আইনি তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক অনিয়ম নিয়ে উপাচার্যপন্থি শিক্ষক এবং সাদা দলের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।

কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক আহত হওয়ার ঘটনার প্রতিবাদেই মূলত সোমবারের মানববন্ধনের আয়োজন করা হয়।

এদিকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে উপাচার্য ড. আলিমুল ইসলাম বলেন, নিয়োগের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। সাদা দলের অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নিয়োগ বোর্ডের নীতিমালা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়ে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ