Views Bangladesh Logo

নেসকোর কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীবাসী।

সোমবার নগরীর হেতম খাঁয় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে স্মারকলিপিও দেন আয়োজকরা।

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর; এই শহর থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সরিয়ে বগুড়ায় নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বগুড়ার একজন প্রতিমন্ত্রী ও দু-একজন সংসদ সদস্যের কারণে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবরে রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন প্রমুখ।

প্রসঙ্গত, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়া জেলা শহরে স্থানান্তরের বিষয়ে মতামত চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানী অ্যাফেয়ার্স-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত একটি পত্র দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ