রামেবি উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তদন্ত ও অপসারণের দাবি জানানো হয়।
বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়ম হয়েছে। বিশেষ করে রাজশাহী নগরের সিলিন্দা এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে পরিচালক ও হিসাবরক্ষক নিয়োগসহ একাধিক ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে উপাচার্যের দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলনসহ অনেকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে