রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে হুমায়ুন কবিরের আহ্বান
তহবিল সংকটের মধ্যেও রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা চালু রাখতে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনকে (আইএফআরসি) বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আইএফআরসির বাংলাদেশ প্রতিনিধি দলের নবনিযুক্ত প্রধান সেভাল গুজেলকিলিঞ্চ প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক চাহিদা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় জরুরি সহায়তা নিরবচ্ছিন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আবারও জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন।
আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান হুমায়ুন কবির। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির ভূমিকার প্রশংসাও করেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের সময় আইএফআরসির দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ প্রস্তুতি এবং আগাম পদক্ষেপ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। নিজের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, মানবিক সেবা বাড়ানো, জনগোষ্ঠীর সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও নিবিড় করাই তাঁর লক্ষ্য।
আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মতামত দিন