Views Bangladesh Logo

এআই মডেল তৈরিতে হুয়াওয়ের নতুন কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য নতুন কম্পিউটিং সল্যুশন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ নামের এই সিস্টেমটি উন্নত এআই মডেলের প্রশিক্ষণ, পরিচালনা ও বৃহৎ পরিসরের কম্পিউটিং কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে।

সম্প্রতি চীনের সাংহাইয়ে আয়োজিত ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’ সম্মেলনে নতুন সল্যুশনটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং। ‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে এআই, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের শিল্প খাতের নেতা, গ্রাহক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।

হুয়াওয়ের তথ্যমতে, অ্যাটলাস ৯৬০ই সুপারপড মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। এতে দ্রুত কম্পিউটিং সক্ষমতার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা এবং দীর্ঘ সময় নির্ভরযোগ্যভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বড় আকারের এআই অবকাঠামোর চাহিদা বিবেচনায় রেখেই সিস্টেমটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে নতুন আরেকটি সল্যুশন ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ও প্রদর্শন করে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য হিসেবে তৈরি এই সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলোতে বিপুলসংখ্যক প্রসেসরকে একসঙ্গে যুক্ত করে একটি একক কম্পিউটিং সিস্টেমের মতো কাজ করানোর সক্ষমতা রয়েছে। হুয়াওয়ের দাবি, এসব অবকাঠামোয় ১০ লাখ পর্যন্ত প্রসেসরকে সমন্বিতভাবে কাজে লাগানো সম্ভব।

এ ছাড়া সাধারণ কম্পিউটিংয়ের জন্য ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআই-সংক্রান্ত বিপুল তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ‘ওশানস্টোর এম৯০০’ স্টোরেজ সল্যুশন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এসব প্রযুক্তির মাধ্যমে এআই অবকাঠামোর পাশাপাশি প্রচলিত কম্পিউটিং ও ডেটা ব্যবস্থাপনার সক্ষমতাও বাড়ানোর লক্ষ্য রয়েছে হুয়াওয়ের।

এদিকে এআই প্রযুক্তি উন্নয়নে নিজেদের ক্যান বা কম্পিউট অ্যাটলাস নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে উন্মুক্ত উৎসের আওতায় আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এর ফলে ডেভেলপার, প্রযুক্তি অংশীদার ও সংশ্লিষ্ট কমিউনিটির সদস্যরা প্ল্যাটফর্মটির উন্নয়ন ও এআইভিত্তিক বিভিন্ন উদ্ভাবনে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং বলেন, এআই উদ্ভাবনের গতি ধরে রাখতে শক্তিশালী কম্পিউটিং অবকাঠামোর পাশাপাশি উন্মুক্ত প্রযুক্তি পরিবেশ তৈরি করা জরুরি। অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এআইভিত্তিক প্রযুক্তির সক্ষমতা বাড়ানো এবং নতুন উদ্ভাবনের সুযোগ তৈরিতে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ