Views Bangladesh Logo

১৬ ডিসেম্বর হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং: মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করার জন্য সরকার কাজ করছে।

মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের বিমান চলাচল খাতের কয়েকটি অগ্রাধিকারের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তৃতীয় টার্মিনাল চালু করা, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ এবং বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া।

মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি জাপানি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্যও সরকার কাজ করছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে শিগগিরই ১০টি লিজ নেওয়া উড়োজাহাজ যুক্ত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় পদার্থ পরিবহনের সুবিধার্থে শিগগিরই সেখানে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে।

যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ফ্লাইট পরিচালনার বিষয়ে তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও বলেন, বগুড়ায় বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। পাশাপাশি আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে সরকার আশাবাদী।

এর আগে আজ সকালে মিল্লাত আনুষ্ঠানিকভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে তিনি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করা এবং দেশের বিমান চলাচল ও পর্যটন খাতে আরও গতি আনতে একটি কার্যকর দল গঠন করা তার প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ। মন্ত্রণালয়ে রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা একটি দল গঠন করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে চাই।”

আরও দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করতে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ে কাজ করবেন বলেও জানান মিল্লাত।

তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করা।”

মন্ত্রী কর্মকর্তাদের জানান, ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে এবং খারাপ কাজের জন্য জবাবদিহির আওতায় আনা হবে। মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মকর্তাদের “প্রচলিত আমলাতন্ত্রের” গণ্ডি থেকে বেরিয়ে আসার ওপরও তিনি গুরুত্ব দেন।

বিমান চলাচল ও পর্যটন খাতকে এগিয়ে নিতে উদ্ভাবনী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ