বাবাকে দাফনের ১০ ঘণ্টা পর রাতভর ডিউটি, সকালেই এইচএসসি পরীক্ষা দিলেন ইকন
বাবাকে হারানোর শোক কাটার আগেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন দাড়িয়া। বাবার দাফনের মাত্র ১০ ঘণ্টা পর রাতভর এটিএম বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করে বুধবার (২২ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
ইকন বাগেরহাটের খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫)। সকাল ৬টায় তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানাজা শেষে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে সেদিন রাতেই কর্মস্থলে ফিরে যান ইকন। রাতভর ডিউটি শেষে বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে পরিবার চালাতেন। বড় ছেলে ইমন সড়ক দুর্ঘটনার পর মানসিক ভারসাম্য হারালে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হয়ে ওঠেন ইকন। বর্তমানে তার মাসিক বেতন মাত্র ৮ হাজার টাকা, যা দিয়ে মা ও মানসিক ভারসাম্যহীন বড় ভাইসহ পুরো পরিবারের দায়িত্ব বহন করছেন।
স্থানীয়রা জানান, রাতের ডিউটির ফাঁকে ফাঁকেই এটিএম বুথে বসে বই পড়তে দেখা যেত ইকনকে। গ্রাহক এলে দায়িত্ব পালন করে আবার পড়াশোনায় মন দিতেন তিনি।
খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিব উদ্দিন রাখি বলেন, ইকন একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। বাবার মৃত্যুর মতো শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নেওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয়। কলেজের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।
মতামত দিন