এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটিতে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১০ থেকে ১৫ আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ২৫ জুলাই, বিএমটির ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা ২২ জুলাই শেষ হবে।
এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এলে কারণ ও তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্রে প্রতি কক্ষে অন্তত দুইজন কক্ষ পরিদর্শক এবং প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের বাইরে ভিড় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচলও সীমিত থাকবে।
প্রথমবারের মতো এবার সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কারও কেন্দ্রে অবস্থান নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সময় কলেজগুলোতে প্রয়োজন অনুযায়ী পরীক্ষার ফাঁকে ফাঁকে শ্রেণিকক্ষের পাঠদান চালিয়ে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।
মতামত দিন