Views Bangladesh Logo

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।

বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে—সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথম ৩০ মিনিটে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তী আড়াই ঘণ্টা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা, উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করা এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ না করা বা মার্জিনের মধ্যে লেখা না।

এ ছাড়া পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে (যেখানে প্রযোজ্য)। পরীক্ষায় শুধুমাত্র কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে এবং অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

প্রথমে জুন মাসে পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ