পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ করবেন শিক্ষার্থীরা
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতের মধ্যে ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের পরীক্ষা শেষে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের তিন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর অধীন পাঁচ জেলার মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে।
মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। রাত ৯টা ৪০ মিনিটের দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রাত সাড়ে ৯টার দিকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ বলেন, সরকারের পক্ষ থেকে তাদের মূল দাবিগুলোর কোনোটি মেনে নেওয়া হয়নি। তাই বুধবারের পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারও সঙ্গে তাদের আলোচনা হয়নি বলে অভিযোগ করেন তারা।
মঙ্গলবারের কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও ছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
মতামত দিন