২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ট্যাগ অফিসারকে অব্যাহতি
নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা (ট্যাগ অফিসার) ফিরোজুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অধ্যক্ষ বাদশা আলমগীরকে অব্যাহতি দেওয়ার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৯ জুলাই কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির ইতিহাস প্রথম পত্র পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান কেন্দ্রে দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেয়।
ইউএনও আরিফুর রহমান জানান, তদন্ত শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী মোর্শেদ বলেন, তদন্তের পর দায়িত্বরত ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে সহকারী অধ্যক্ষকে দায়িত্ব দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।
মতামত দিন