এইচএসসি পরীক্ষাকেন্দ্রেও থাকবে সিসিটিভি, তথ্য পাঠানোর নির্দেশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে এসএসসি পরীক্ষার মতো এবারও দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।
রোববার (১৪ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে।
এ লক্ষ্যে দেশের সব পরীক্ষাকেন্দ্রকে আগামী ২১ জুনের মধ্যে সিসিটিভি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে dhakaboardcontroller@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর পাঠাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রেরিত ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ লিখতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব EIIN নম্বর ব্যবহার করতে হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।
এর আগে গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনায় সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থার ফলে নকল ও বিভিন্ন অনিয়ম অনেকাংশে কমেছে।
তবে পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক নজরদারির বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের একাংশ উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের মতে, অতিরিক্ত নজরদারি পরীক্ষার্থীদের মানসিক চাপে ফেলতে পারে এবং পরীক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, নকল, অনিয়ম ও অসদুপায় অবলম্বন রোধে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে। এজন্য সব কেন্দ্রের সচিবদের কাছে সিসিটিভি-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

মতামত দিন