এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৫ অক্টোবর।
সোমবার (৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ওইদিন বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হবে। পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ফল।
তিনি জানান, যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন এবং বাকিগুলোর জন্য এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিবেচনায় (বিষয় ম্যাপিং) এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারিত হবে।এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যতো নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুসারে নম্বর বিবেচনায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিনধাপে পরীক্ষা স্থগিত করে সরকার।
এ বছর নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে