Views Bangladesh Logo

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

গামী ৩০ জুন থেকে শুরু হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। তবে এই পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাজশাহীতে এইচএসসি-২০২৪ ব্যাচ রাজশাহীর ব্যানারে এ কর্মসূচি পালন করে তারা।

বেলা ১২টায় রাজশাহীর হোসেনীগঞ্জ জাদুঘরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রায় অর্ধশত শিক্ষার্থী। এ সময় তারা ‘এক দফা এক দাবি এইচএসসি-২০২৪ সালের পরীক্ষা দুই মাস পেছাতে হবে, পেছাতে হবে’সহ নানা স্লোগান দিতে থাকে।

পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তারা আবারও হোসেনীগঞ্জ জাদুঘরের মোড় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে চলে যায়।

এ ব্যাপারে আন্দোলনরত পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ সাফাওয়াত হোসেন বলেন, ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষার ডেট দেয়া হয়েছে। সেটা দুই মাস পেছনোর দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, তীব্র তাপদাহ চলছে। সময় কম দেয়া হয়েছে। সিলেবাস বড়, কাভার করা কঠিন হচ্ছে।

কর্মসূচিতে অংশ নেয়া রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আমরা যে সময়টা পাওয়ার কথা, সেটা পাচ্ছি না। দ্বিতীয় বর্ষে উঠেই এক মাসের মাথায় পরীক্ষা। যা ইতোপূর্বে কখনও হয়নি।

এই কর্মসূচিতে অংশ নেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রাজশাহীর এইচএসসি পরীক্ষার্থী আদিল, ওয়েমার্ক আইডিয়াল কলেজ রাজশাহীর এইচএসসি পরীক্ষার্থী মোঃ সামিউল আলিফ, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সাকিব, রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী অর্ক, নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহীর এইচএসসি পরীক্ষার্থী ইলিয়াস, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রাজশাহীর এইচএসসি পরীক্ষার্থী আকিবসহ অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ