Views Bangladesh Logo

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর মাত্র ৪ ঘণ্টা আগে ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা মধ্য বাজার এলাকার বাসিন্দা উত্তম সরকার ও মনি সরকারের সন্তান। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর ঠিক ৪ ঘণ্টা আগে ভোর ৬টার দিকে তিশা মেসের ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেসের অন্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ঘটনার ঠিক পূর্বমুহূর্তে কী ঘটেছিল বা তিশা কেন ছাদে গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক সহপাঠীদের কেউ কোনো তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ