জিম্বাবুয়ে সিরিজেও নেতৃত্বে হৃদয়, টি-টোয়েন্টিতে ফিরলেন মোসাদ্দেক ও ইয়াসির
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস, আর জিম্বাবুয়ে সফরেও তাকে পাওয়া যাচ্ছে না, তবে এবারের কারণটা আলাদা। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পুরো আসর খেলার অনুমতি পেয়েছেন, ফলে তার জায়গায় আবারও দলের নেতৃত্ব সামলাবেন তাওহিদ হৃদয়।
লিটনের মতো এলপিএলের শুরু থেকে খেলার সুযোগ পাওয়ায় জিম্বাবুয়ে সফরে থাকছেন না তাসকিন আহমেদও। এদিকে দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও সৌম্য সরকার।
ওয়ানডে দলে ফেরার পর টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে এটাই তার প্রত্যাবর্তন। একই বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরিও।
এই দুজনের প্রত্যাবর্তনকে কিছুটা চমকপ্রদই বলা যায়। গত বিপিএলে ৪ ইনিংসে মাত্র ৫১ রান করা ইয়াসিরের স্ট্রাইক রেট ছিল ৯৮.০৭, যদিও তার আগের বিপিএলে পারফরম্যান্স ছিল বেশ ভালো—১৫৩.৪২ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৩৬ রান। সবশেষ জাতীয় লিগ টি-টোয়েন্টিতে অবশ্য তিনি রীতিমতো ঝলক দেখিয়েছেন, ৬৫.৬৬ গড় ও ১৩৯.৭১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৭ রান।
মোসাদ্দেকও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ভালো ফর্মে ছিলেন, ৫৮.৬৬ গড় ও ১৬০ স্ট্রাইক রেটে করেছেন ১৭৬ রান, সঙ্গে বল হাতে নিয়েছেন ৬ উইকেট, ওভারপ্রতি খরচ করেছেন ৭.৩৫ রান। তবে বিপিএলে তার পারফরম্যান্স বরাবরই মলিন—গত আসরে শৃঙ্খলাজনিত বিতর্কে পড়ায় খেলারই সুযোগ পাননি, এর আগের আসরে ৫ ইনিংসে করেছিলেন মোটে ৩৬ রান, বোলিংয়ে নিয়েছিলেন ৮ উইকেট, ওভারপ্রতি খরচ ৮.৩০ রান।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, মূলত শামীম হোসেনের বাজে ফর্মের কারণেই মোসাদ্দেকের জন্য দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে। আর পাঁচ-ছয়-সাত নম্বরে বড় শট খেলতে পারা একজন ব্যাটসম্যানের প্রয়োজনেই দলে ফেরানো হয়েছে ইয়াসিরকে।
শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার রান ছিল ১, ৭ ও ০। এর আগে নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচে ২০ বলে ৩১ রান করলেও পরের ম্যাচে করেছিলেন কেবল ৩। তার আগের তিন টি-টোয়েন্টিতে রান ছিল ১, ১ ও ০।
লিটনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি সৌম্য সরকার। দুই ম্যাচে ব্যাট করে তিনি আউট হয়েছিলেন ১৫ ও ১৭ রানে।
এই দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিনও, যদিও তার অনুপস্থিতি দীর্ঘ ছিল না। গত সিরিজে না থাকলেও এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে। লিটন ও তাসকিন ছাড়া এলপিএলে সুযোগ পাওয়া বাকি ক্রিকেটাররা জিম্বাবুয়ে সফর শেষ করেই যোগ দেবেন শ্রীলঙ্কার ওই ফ্র্যাঞ্চাইজি লিগে, যা শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
মতামত দিন