চার ম্যাচ নিষিদ্ধ হৃদয় মিস করবেন ‘ফাইনাল’
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) একের পর এক ম্যাচে বিতর্কের জন্ম দিলেন তাওহিদ হৃদয়। সর্বশেষ সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন মোহামেডানের এই অধিনায়ক। এ ঘটনায় গত ২৭ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। শুনানিতে তাকে ডাকা হলেও তা এড়িয়ে যান হৃদয়।
লেভেল-১ ভঙ্গ করার অপরাধে ম্যাচ রেফারি তাকে একটি ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। আগে থেকেই তার নামের পাশে ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। এ নিয়ে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল ৮। ডিমেরিট পয়েন্ট ৮ হলে একজন ক্রিকেটার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন। হৃদয়ও চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন।
ফলে ২৯ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে রূপ নেয়া ম্যাচটি এই অধিনায়ককে ছাড়াই খেলবে মোহামেডান।
এর আগে হৃদয়ের শাস্তি কমানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নেন শরফৌদ্দোলা ইবনে শহীদ সৈকত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে