Views Bangladesh Logo

মারা গেছেন এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী

 VB  Desk

ভিবি ডেস্ক

ইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ব্যক্তিগত সচিব মো. সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ হোসেন চৌধুরী ছিলেন কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে। ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী, শিক্ষাবিষয়ক প্রবক্তা এবং সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। এ ছাড়াও এই বিশিষ্ট শিল্পপতি ছিলেন সাবের হোসেন চৌধুরীর বড় ভাই, যিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দেশ টিভির চেয়ারম্যান।

বাংলাদেশের চা শিল্পের বিকাশে সাঈদ হোসেন চৌধুরীর অবদান ছিল অপরিসীম। তার নেতৃত্বে এইচআরসি গ্রুপ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শীর্ষ চা রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়।

চা শিল্পের বাইরে পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন ব্যবসা, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ একাধিক খাতে সক্রিয় ভূমিকা পালন করেছে এইচআরসি গ্রুপ। প্রতিষ্ঠানটি দেশের হাজারো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঈদ হোসেন চৌধুরী। তিনি স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কূটনৈতিক মহলে বিশেষভাবে সম্মানিত ছিলেন।

সাঈদ হোসেন চৌধুরী তার কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও ফোরামের সঙ্গে সম্পৃক্ত থেকে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেছিলেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

একজন সফল শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার দীর্ঘস্থায়ী অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য অনুরাগী রেখে গেছেন সাঈদ হোসেন চৌধুরী। তার মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ