এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি কিংবা কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ জন্য কোনো ম্যানুয়াল বা লিখিত আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা বা ইংরেজির মতো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
আবেদন করতে প্রথমে নির্ধারিত ফল পুনর্নিরীক্ষণ পোর্টাল rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানোর পর বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর আবার পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়া যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে আবেদন করা বিষয় আর পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না। অবশ্য ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর কেউ অতিরিক্ত কোনো বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে একই প্রক্রিয়ায় নতুন বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
মতামত দিন