Views Bangladesh Logo

বাংলাদেশের কয়জন শিল্পী পাকিস্তান বা ভারতে গিয়ে গান করেছেন, প্রশ্ন হামিনের

ঢাকায় পাকিস্তানি শিল্পীদের একাধিক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্র ও শনিবার ঢাকায় তিনটি কনসার্ট হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেগুলো শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত এক থেকে দেড় বছরে একইভাবে বেশ কয়েকটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল বা স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে।

এ নিয়ে হতাশা ও বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। এর মধ্যেই বিষয়টি নিয়ে ভিন্ন একটি প্রশ্ন তুলেছেন ‘মাইলস’ খ্যাত সংগীতশিল্পী হামিন আহমেদ। তার বক্তব্য, পাকিস্তানি শিল্পীরা যদি বাংলাদেশে এসে নিয়মিত গান করেন, তাহলে বাংলাদেশি শিল্পী ও ব্যান্ডগুলোরও পাকিস্তানে গিয়ে গান করার সুযোগ থাকা উচিত। তার মতে, সাংস্কৃতিক সম্পর্ক একতরফা না হয়ে দুই দেশের শিল্পীদের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় হামিন আহমেদ লেখেন, ‘একতরফাভাবে কোনো কিছুই হয় না। সম্পর্কটা পারস্পরিক হতে হবে, না হলে কিছুই নয়! বলুন তো, এখন পর্যন্ত কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছেন? কিংবা গত পাঁচ বছরে কজন পাকিস্তানে গান করেছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে চাইছি।’

পাকিস্তানের পাশাপাশি ভারতের ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন তুলেছেন এই শিল্পী। তিনি বলেন, দুই দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানও সীমিত। তার ভাষায়, শিল্প ও সংস্কৃতি একতরফাভাবে বিকশিত হয় না। অন্য দেশের শিল্পীদের জন্য একটি দেশের দরজা খোলা থাকলেও বিপরীত দিকের সুযোগ সীমিত থাকলে সেই সম্পর্ক কতটা পারস্পরিক—এ প্রশ্নও তোলেন তিনি।

কনসার্ট আয়োজনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করেছেন হামিন আহমেদ। তার বক্তব্য, পুরোপুরি সরকারি অনুমতি পাওয়ার আগেই কীভাবে আয়োজক প্রতিষ্ঠানগুলো টিকিট বিক্রির সুযোগ পায়, আর বারবার কেন শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্ট হওয়ার কথা ছিল। এতে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

একই দিনে ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ নামে আরেকটি কনসার্টও স্থগিত হয়েছে। এতে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি বাংলাদেশের হাবিব ওয়াহিদের গান করার কথা ছিল। এছাড়া ২৬ সেপ্টেম্বর পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট হওয়ার কথা ছিল। সেখানে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও শিরোনামহীনেরও পারফর্ম করার কথা ছিল। সেটিও শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ