১২ ঘন্টায় তিন থানা ঘুরিয়ে নেয়া হলো কালিয়াকৈরে
যেভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈশাখী টিভি'র ডিএমডি টিপু আলমকে
বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মবের ঘটনার পর শনিবার বিকেলে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জুলাইয়ে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরিবারিক সূত্রে জানা যায়, আটকের পর টিপু আলম মিলনকে প্রথমে গুলশান, পরে বনানী এবং সর্বশেষ ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। এ সময় ক্যান্টনমেন্ট থানা থেকে কোতোয়ালি থানায় যোগাযোগ করা হয়।
কোতোয়ালি থানা থেকে তার বিরুদ্ধে থাকা মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পর তাকে সেখান থেকে সরাসরি গাজীপুরের কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর থানায় পৌঁছানোর পর একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অর্থাৎ, বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর কালিয়াকৈর থানায় গ্রেপ্তার দেখানো পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। এ সময়ে তাকে তিনটি থানায় নেওয়া হয়।
স্বজনরা জানান, ক্যান্টনমেন্ট থানায় অবস্থানের সময় টিপু আলম মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় থাকা একটি মামলার বিষয়ে যোগাযোগ করা হয়। কোতোয়ালি থানা থেকে সংশ্লিষ্ট নথি পাঠানো হলে জানা যায়, ওই মামলায় আদালত আগেই তাকে অব্যাহতি দিয়েছিলেন। এ-সংক্রান্ত আদালতের নথিও পুলিশের কাছে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরপর তাকে কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ২০২৪ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের নথি অনুযায়ী, কালিয়াকৈর থানার ১৩ নভেম্বর ২০২৪ তারিখের ১৮ নম্বর মামলায় টিপু আলম মিলন ১৯ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য বনানী থানার সহযোগিতা চেয়ে কালিয়াকৈর থানা থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, মামলার এজাহারনামীয় ১৯ নম্বর আসামি টিপু আলম মিলন বনানী থানার এলাকায় অবস্থান করছেন। তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পুলিশি সহায়তা চাওয়া হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, টিপু আলম মিলনকে গুলশান থানায় নেওয়া হয়নি। তাকে আটক করে প্রথমে বনানী থানায় আনা হয়। পরে সেখানে অযাচিত ভিড় বা ঝামেলার আশঙ্কা থাকায় নিরাপত্তার স্বার্থে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে রাখা হয়। সেখান থেকেই তাকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়।
এসআই জাহাঙ্গীর আলম আরও জানান, রবিবার সকালে টিপু আলম মিলনকে ওই মামলায় আদালতে হাজির করা হয়েছে।
এর আগে, শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে হাঙ্গামা, হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে টেলিভিশনটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিরাপত্তাহীনতার কথা জানান।
প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, বহিরাগতরা কার্যালয়ে ঢুকে টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে কর্মীরা তাকে উদ্ধার করে ভবনের ভেতরে নিয়ে যান। হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করে মূল ফটক ভাঙার চেষ্টা করেন বলেও লাইভে অভিযোগ করা হয়। কয়েকজন কর্মী আহত হন এবং তারা ভবনের ভেতরে আটকা পড়েন বলেও দাবি করেন কর্মীরা।
ঘটনার সূত্রপাত একজন সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনা দেওয়াকে কেন্দ্র করে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একদল ব্যক্তি বৈশাখী টেলিভিশনের ভেতরে ‘দোসর’ রয়েছে—এমন অভিযোগ তুলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের এক নেতা দাবি করেন, তারা হামলা বা ভাঙচুর করেননি। বরং টিপু আলম মিলনের লোকজন তাদের কয়েকজনকে মারধর করেছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপু আলম মিলনকে হেফাজতে নেয়।
মতামত দিন