লালবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার আনুমানিক দুপুর দুইটার দিকে লালবাগ থানাধীন বি. সি. দাস স্ট্রিট–সংলগ্ন একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিশা রাজধানীর ধোলাইখাল জোড়পুল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. গিয়াস উদ্দিন।
নিহতের ভাই রাজীব অভিযোগ করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিশার শাশুড়ি ফোন করে তিশা গুরুতর অসুস্থ বলে জানিয়ে তাঁদের দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে দেখতে পান, তিশার নিথর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।
রাজীব জানান, বেশ কিছুদিন ধরে নানা পারিবারিক বিষয় নিয়ে তিশার সঙ্গে তাঁর শাশুড়ির বিরোধ চলছিল এবং আজ সকালেও তাঁদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তাঁর দাবি, তিশাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
মতামত দিন