Views Bangladesh Logo

তেজগাঁওয়ে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী সাগর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সড়ক ও জনপথ কোয়ার্টারের ওই কক্ষে যায়। বাইরে থেকে তালাবদ্ধ কক্ষটি খুলে ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় নিশির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আব্দুল হামিদ বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে হত্যাকারী পালিয়ে গেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী সাগর পলাতক।’

নিহত নিশি আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. খোকনের মেয়ে। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে সাগরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। শিশুটি পাশের বাসায় দাদা-দাদির সঙ্গে থাকে।

নিশিকে কেন এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁর স্বামী সাগরকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ আরও জানায়, সাগর মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ