Views Bangladesh Logo

উচ্চ শব্দে গান বাজিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে মাছুদা বেগম (২৭) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের সাত দিন পর শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুদার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বছির মণ্ডলের করা মামলায় মাছুদার স্বামী মেহেদী হাসান শাপলা (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেদী কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের প্রয়াত আব্দুস সামাদ প্রামানিকের ছেলে। নিহত মাছুদা ক্ষেতলাল উপজেলার দাশড়া খাঁপাড়া গ্রামের প্রয়াত দিলবর মণ্ডলের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মেহেদীর সঙ্গে মাছুদার বিয়ে হয়। তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাছুদাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাদের বিচ্ছেদও হয়। তবে বিচ্ছেদের প্রায় এক বছর পর তারা আবার বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত ১৪ আগস্ট দুপুরে মাছুদার কাছে আবারও যৌতুক দাবি করেন মেহেদী। এতে রাজি না হওয়ায় ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে গান বাজিয়ে মাছুদার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরে প্লাস দিয়ে মাছুদার মুখে আঘাত করা হলে তার দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়। আহত স্থানে লবণ ও মরিচের গুঁড়া দেওয়া হলে তীব্র যন্ত্রণায় মাছুদা জ্ঞান হারিয়ে ফেলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে তাকে মৃত মনে করে ঘরে তালা দিয়ে মেহেদী চলে যান বলে অভিযোগ করেছেন মামলার বাদী। পরে বিকেলে প্রতিবেশীরা মাছুদাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মাছুদার মৃত্যু হয়।

নিহতের ভাই বছির মণ্ডল বলেন, তার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ বলেন, খবর পেয়ে শুক্রবার রাতেই নিহতের স্বামী মেহেদীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ