কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্পী শীল (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী শীল ওই এলাকার ব্যবসায়ী রবি শীল ওরফে রবি সওদাগরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রবি শীল বাজারে দোকান পরিচালনা করেন এবং স্ত্রী শিল্পী শীল সাধারণত বাড়িতে একাই থাকতেন। তাঁদের সন্তানরা পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন।
নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, তাঁর কাকি বাড়িতে একা ছিলেন এমন সময় ছুরিকাঘাতের খবর পেয়ে তাঁর কাকা দ্রুত বাড়িতে ছুটে যান এবং স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় শিল্পী শীল তাকে দেখে ফেলে ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ওই ব্যক্তি তাঁর পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পরে প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে শেষরক্ষা হয়নি।
স্থানীয়দের একটি অংশ মনে করছে, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে, আবার কেউ কেউ পূর্বশত্রুতা বা ছিনতাইয়ের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে সুনির্দিষ্টভাবে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
মহেশখালী থানার এসআই কাজল দাশ জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে জানার জন্য শিল্পীর প্রতিবেশীদের সঙ্গে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকেছিলেন। রাতে ওই বাসার সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির একটি জুতা উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মতামত দিন