নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিমা রাণী নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মরদেহ উদ্ধার করার পর পার্শ্ববর্তী এলাকার শ্মশানঘাট থেকে নিহতের স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)-কে আটক করা হয়।
নিহতের পরিবার ও থানার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কের এক পর্যায়ে প্রদীপ রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন। এতে প্রীতিমা রাণী অচেতন হয়ে বিছানায় পড়ে যান। রাতভর এই অবস্থায় থাকার পর সকালে স্বামী দেখেন, তিনি মারা গেছেন। পরে প্রদীপ বাড়ি থেকে শ্মশান ঘাটে চলে যান।
স্থানীয়রা ঘটনার খবর থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জিজ্ঞাসাবাদের পর এই মামলায় প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে