ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা, একই ভবনের তিনটি ফ্ল্যাটে চুরি
ঝালকাঠি শহরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তিনতলা একটি ভবনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটের ঘটনাও ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার টিঅ্যান্ডটি সড়কের একটি ভাড়া বাসা থেকে ৫০ বছর বয়সী গৃহবধূ মলিনা রায়ের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রতন রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে ছিলেন। এ সময় মলিনা রায় বাসায় একাই ছিলেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ফিরে এসে কয়েকটি ফ্ল্যাটের তালা ভাঙা দেখতে পান। একপর্যায়ে মলিনা রায়ের মেয়ে ঘরে ঢুকে মাকে হাত বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথার ওপর একটি বস্তা ছিল। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, মলিনা রায়ের একটি কানের নিচে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই ঘটনায় ভবনের তিনটি ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সময় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ড ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
মতামত দিন